উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলাম ধর্মের মৌলিক ভিত্তি—একই আল্লাহ, নবী, কোরআন ও কিবলার বিষয়ে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কোনো মতভেদ নেই। নামাজ, রোজা, জাকাত ও হজের মতো স্তম্ভগুলো উভয় পক্ষের কাছেই সমানভাবে স্বীকৃত। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, বিশ্বের মুসলিম জনসংখ্যার প্রায় ৮৭ থেকে ৯০ শতাংশ সুন্নি এবং ১০ থেকে ১৩ শতাংশ শিয়া মতাবলম্বী।
নেতৃত্বের প্রশ্নেই মূলত এই দুই ধারার পার্থক্য শুরু হয় ৬৩২ খ্রিষ্টাব্দে নবীজির ইন্তেকালের পর। সুন্নিদের মতে, নবীজি কোনো উত্তরসূরি মনোনীত করেননি এবং পরামর্শ বা শুরার মাধ্যমে যোগ্য নেতা নির্বাচনের দায়িত্ব উম্মাহর ওপর ছেড়ে গেছেন। অন্যদিকে, শিয়াদের বিশ্বাস নবীজি নিজেই তাঁর জামাতা হজরত আলীকে (রা.) উত্তরসূরি হিসেবে মনোনীত করে গিয়েছিলেন।
শিয়াদের কাছে ‘ইমামত’ একটি ধর্মীয় আকিদা বা বিশ্বাসের স্তম্ভ, যেখানে ইমামকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের রক্ষক ও নিষ্পাপ মনে করা হয়। বিপরীতে, সুন্নিদের কাছে নেতা বা খলিফা নির্বাচন একটি প্রশাসনিক ও আইনগত বিষয়। সুন্নিরা চার খলিফাকেই ‘খোলাফায়ে রাশিদিন’ হিসেবে শ্রদ্ধা করেন, আর শিয়ারা কেবল নবীবংশের বারোজন ইমামকে অনুসরণ করেন।
হাদিস ও আইনশাস্ত্রের ক্ষেত্রেও দুই পক্ষের আলাদা উৎস রয়েছে। সুন্নিরা সাহাবিদের বর্ণনার ওপর ভিত্তি করে ‘সিহাহ সিত্তাহ’ নামক ছয়টি প্রধান গ্রন্থ অনুসরণ করেন। শিয়ারা মূলত আহলে বাইত ও ইমামদের মাধ্যমে আসা বর্ণনাকে অগ্রাধিকার দিয়ে ‘কুতুবুল আরবাআ’ নামক চারটি প্রধান হাদিস গ্রন্থকে প্রামাণ্য হিসেবে বিবেচনা করেন।
ইমাম মাহদির বিষয়েও দুই ধারায় ভিন্ন বিশ্বাস প্রচলিত। সুন্নিদের মতে, তিনি শেষ জমানায় পৃথিবীতে আসবেন এবং তাঁর জন্ম হবে ভবিষ্যতে। তবে বারো ইমামিয়া শিয়াদের বিশ্বাস, দ্বাদশ ইমাম মুহাম্মদ ইবনে হাসান নবম শতকেই জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে তিনি আল্লাহর ইচ্ছায় আত্মগোপনে বা গায়বতে আছেন।
ইবাদতের রীতিতেও কিছু দৃশ্যমান পার্থক্য রয়েছে। যেমন ওজুর সময় সুন্নিরা পা ধুয়ে থাকেন, আর শিয়ারা ভেজা হাতে পা মাসেহ করেন। নামাজে সুন্নিরা হাত বাঁধলেও শিয়ারা সাধারণত হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন। এছাড়া শিয়ারা সিজদার সময় কারবালার মাটি বা প্রাকৃতিক কোনো বস্তুর তৈরি ‘তুরবাহ’ ব্যবহার করেন।
সাহাবিদের মর্যাদার বিষয়ে সুন্নিরা সব সাহাবিকে ন্যায়নিষ্ঠ মনে করেন এবং তাঁদের সমালোচনা করা নিষিদ্ধ মনে করেন। শিয়ারা প্রত্যেক সাহাবিকে আলাদাভাবে মূল্যায়ন করেন এবং কেবল যাঁরা হজরত আলীর (রা.) সমর্থক ছিলেন, তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করেন। শিয়া সমাজে ধর্মীয় বিষয়ে ‘মারজাই তাকলিদ’ বা জীবিত মুজতাহিদদের অনুসরণের বিশেষ গুরুত্ব রয়েছে।