উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এবং এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। একই ইউনিটের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটনে এবং সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে বদলি করা হয়। এ ছাড়া রাজারবাগের পুলিশ টেলিকমের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে এবং খুলনা মেট্রোপলিটনের মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সিআইডির টি এম মোশাররফ হোসেনকে জিএমপিতে এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে এবং অন্যান্য কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবেন।