উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বন্ধ করে দেওয়ার মাত্র দু’মাসের ব্যবধানে জনপ্রিয় ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ফিরিয়ে আনল ভারতী এয়ারটেল। ২৮ দিন মেয়াদের এই প্রিপেড প্ল্যানটি এখন থেকে ফের ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
গত অগস্ট মাসে ২৯৯ টাকা ছাড়াও ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার চারটি প্ল্যান বাজার থেকে সরিয়ে নিয়েছিল এয়ারটেল। তবে নভেম্বর মাসে সংস্থার ওয়েবসাইট ও অ্যাপে ২৯৯ টাকার এই পুরনো প্ল্যানটি আবারও দেখা যাচ্ছে। যদিও এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই প্ল্যানে আগের মতোই আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা থাকছে। পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। সেই সঙ্গে প্রায় ৪ হাজার টাকা মূল্যের ‘অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়াম’-এর ১২ মাসের সাবস্ক্রিপশন মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।
অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে থাকছে ‘এয়ারটেল সেফ’ প্রযুক্তি, যা স্প্যাম কল সম্পর্কে রিয়েল টাইম সতর্কতা দেবে। বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর ত্রৈমাসিকে গ্রাহক সংখ্যা আশানুরূপ না বাড়ায় এই সস্তার প্ল্যানটি ফেরাতে বাধ্য হয়েছে সংস্থাটি। এছাড়াও গ্রাহকরা পাবেন বিনামূল্যে ‘হ্যালোটিউন্স’ ব্যবহারের সুযোগ।