উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টানা বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরে মাছির উপদ্রব অনেক সময় বেড়ে যায়। বৃষ্টির কারণে চারপাশে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হওয়ায় মাছির ডিম ফুটে বড় হওয়ার প্রক্রিয়া দ্রুত হয়। ফলে অল্প সময়ের মধ্যে মাছির সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বৃষ্টির পানিতে আবর্জনা ভিজে দ্রুত পচতে শুরু করে এবং নর্দমার ময়লা মাছির বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি করে।
বাইরে একটানা বৃষ্টি হলে পোকামাকড় শুকনো জায়গার খোঁজ করে এবং এই সময়ে মাছি ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং কিছু নিয়ম মেনে চললে এই মাছির উৎপাত অনেকটাই কমানো সম্ভব। বৃষ্টির পানি কোথাও জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং ভেজা আবর্জনা দীর্ঘ সময় ফেলে রাখা যাবে না।
বাড়ির আশপাশের নর্দমা এবং রান্নাঘরের পানির পাইপ নিয়মিত পরিষ্কার করে ঢেকে রাখতে হবে যাতে ময়লা জমে না থাকে। ঘরের ময়লা ফেলার পাত্র ও পচনশীল বর্জ্য রাখার জায়গা সবসময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। বাড়ির ভেতরে বা বাইরে পানির পাইপে ছিদ্র থাকলে দ্রুত তা মেরামত করতে হবে যেন কোথাও পানি জমে না থাকে।
ঘরের মেঝে নিয়মিত পরিষ্কার করতে হবে এবং রান্নাঘর ও খাবার রাখার জায়গা ভেজা অবস্থায় ফেলে রাখা যাবে না। স্যাঁতসেঁতে পরিবেশ দূর করতে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। বাগানে গাছের শুকনো পাতা বা পচা ফল জমতে না দিয়ে নিয়মিত পরিষ্কার করলে মাছির বংশবিস্তারের সুযোগ কমে যায়।
রান্নাঘর পরিষ্কারের কাজে ভিনেগার ব্যবহার করা যেতে পারে এবং ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ঘরের মেঝেও মোছা যায়। তবে পরিচ্ছন্নতা বজায় রাখাই মাছির উপদ্রব থেকে বাঁচার সবচেয়ে জরুরি উপায়। শুধু ঘরের ভেতর নয়, বাড়ির আশপাশের পরিবেশের দিকে নজর রাখলে বর্ষাকালে মাছির উপদ্রব নিয়ন্ত্রণে রাখা সম্ভব।