উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর তানোরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে উঠতি ফসল এবং আমনখেতে কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া কোথাও কোথাও নিচু এলাকার পেঁয়াজ, ভুট্টা, লাউসহ বিভিন্ন সবজিখেতে হালকা পানি জমেছে।
তানোর ও পার্শ্ববর্তী মান্দা এবং মোহনপুর উপজেলার বিভিন্ন ইটভাটার কাঁচা ইট পানিতে নষ্ট হয়ে গেছে। শুক্রবারের এই বৃষ্টিতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইটভাটার মালিকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অসময়ে হঠাৎ এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনখেতের কাটা ধানের কিছুটা ক্ষতি হবে। তবে আগামী দু-এক দিনের মধ্যে বৈরী আবহাওয়া কেটে গেলে ফসলের তেমন বড় ক্ষতি হবে না।
এদিকে অসময়ের এই বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ ও নিম্ন আয়ের ভ্যানচালকরা। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি আগামী আরও দু-এক দিন থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।