উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এই নির্দেশনা জারি করেন। অন্যদিকে, ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
সরকারি উপবৃত্তির টাকা জিটুপি বা গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টাকা পাচ্ছে বা যাদের নাম সফটওয়্যারে যুক্ত আছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। তবে যারা নতুন যুক্ত হবে, তাদের শিক্ষার্থী বা অভিভাবকের নামে প্রয়োজনীয় ব্যাংক বা মোবাইল হিসাব খুলতে হবে।
উপবৃত্তির টাকা পাওয়ার ক্ষেত্রে অভিভাবক হিসেবে প্রথমে বাবা বা মাকে নির্ধারণ করা হবে এবং তাদের অবর্তমানে ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানির মধ্য থেকে একজন বিকল্প অভিভাবক হতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেতে হলে বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করে তার নামেই হিসাব খুলতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়эরে নতুন পাসওয়ার্ড তৈরি করে প্রবেশ করতে হবে এবং কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্ট ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং ব্যানবেইস থেকে ইআইআইএন নম্বরপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে এই কর্মসূচিতে যুক্ত হতে পারবে। পুরো বিষয়টি অত্যন্ত জরুরি উল্লেখ করে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।