উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং তেহরানের পাল্টা হুমকির ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হলে ইরান হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দর থেকে পণ্য নেওয়া কোনো জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তর করা হলে তা অবরোধ লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সন্দেহভাজন জাহাজ থামানো, তল্লাশি চালানো এবং প্রয়োজনে জব্দ করার হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই অবরোধ জুনে স্থগিত থাকলেও ১৪ জুলাই থেকে পুনরায় কার্যকর করা হয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন এই নৌ অবরোধ ভাঙার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেল রপ্তানির পাশাপাশি আলোচনার প্রচেষ্টাও অব্যাহত রাখবে তেহরান। দেশটির আইনপ্রণেতা ও আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোর ইঙ্গিত অনুযায়ী, অবরোধ ভেঙে ট্যাংকার পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান।
বিশ্লেষকদের মতে, ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হলে তেহরান প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত হানতে পারে। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বাড়ছে।