উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামি জীবনদর্শনে খাদ্য ও পানীয় গ্রহণের বিষয়টি মুমিনের ইমান ও ইবাদত কবুল হওয়ার সঙ্গে সরাসরি জড়িত। রাসুল (সা.) সতর্ক করেছেন যে, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর বেহেশতে প্রবেশ করবে না। ইসলামি আইনশাস্ত্র অনুযায়ী, যেসব খাবার মানুষের শরীর ও আত্মার জন্য ক্ষতিকর, কেবল সেগুলোই নিষিদ্ধ করা হয়েছে।
পবিত্র কোরআনে চারটি বস্তুকে সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কোনো দেব-দেবী বা ব্যক্তির নামে উৎসর্গ করা প্রাণী। তবে সমুদ্র বা নদীর মৃত মাছ এবং পঙ্গপাল এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
সহিহ হাদিসের আলোকে সব ধরনের দাঁতাল হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, কুকুর ও বিড়াল এবং নখর দিয়ে শিকারকারী পাখি যেমন ঈগল ও শকুন খাওয়া নিষিদ্ধ। এছাড়া ইঁদুর, সাপ, বিচ্ছু, তেলাপোকা ও ব্যাঙের মতো অপবিত্র ও ঘৃণিত কীটপতঙ্গ গ্রহণ করাও ইসলামে হারাম।
রাসুল (সা.) গৃহপালিত গাধার মাংস খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন, তবে বন্য গাধা বা জেব্রার মাংস খাওয়া হালাল। পাশাপাশি মদ, ফেনসিডিল, ইয়াবা ও হিরোইনসহ সব ধরনের মাদকদ্রব্য ও নেশাজাতীয় বস্তু সম্পূর্ণ নিষিদ্ধ। তবে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চেতনানাশক ব্যবহারের অনুমতি রয়েছে।
যেকোনো বিষাক্ত পদার্থ বা তামাকজাতীয় দ্রব্য যা মানুষের মৃত্যু বা শারীরিক ক্ষতির কারণ হতে পারে, তা গ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।
খাবারটি মূলত হালাল হলেও যদি তা চুরি, ডাকাতি, ঘুষ বা সুদের মাধ্যমে অর্জিত হয়, তবে তা ভক্ষণ করা হারাম। তবে চরম দুর্ভিক্ষে হালাল খাবার না থাকলে প্রাণ বাঁচানোর জন্য সীমিত পরিমাণ হারাম খাবার গ্রহণকে ইসলাম বৈধ ঘোষণা করেছে।