উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ফরিদাবাদে দখল থেকে উদ্ধার করা সরকারি জায়গায় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে মাঠ নির্মাণ শেষ করে তিনি নিজেই সেটি উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরিদাবাদসংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক এ ঘোষণা দেন।
ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় সম্প্রতি সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সংস্থাটির দাবি, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে জায়গাটি দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। এ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি দখল করে রাখা হয়েছিল এবং সেখানে মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র গড়ে উঠেছিল।
সরকারি জায়গা উদ্ধারে সহযোগিতা করায় ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক। এলাকাকে মাদকমুক্ত রাখতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং প্রশাসনের সদিচ্ছা ও মানুষের ঐক্যে কঠিন কাজও সম্ভব।
অনুষ্ঠানে ৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজের হিসাব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক জানান, ওয়ার্ডটিতে বর্তমানে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে এবং নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক কলোনি ও আশপাশ এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।