উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এক আলোচনা সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম বলেন, দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাব ব্যবহারের ফলে শিশুদের চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
তিনি জানান, বর্তমানে বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন এবং বাংলাদেশেও এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আগে বয়স্কদের মধ্যে চশমার ব্যবহার বেশি দেখা গেলেও এখন শ্রেণিকক্ষে অনেক শিশুকে চশমা পরতে দেখা যায়। শিশুদের এই স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি ডিভাইস ব্যবহারের সময়সীমা কমানো ও নিয়মিত চোখ পরীক্ষার পরামর্শ দেন।
পাশাপাশি কৃষিকাজসহ বিভিন্ন পেশায় অসতর্কতার কারণে চোখে গুরুতর আঘাত ও জটিলতা তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ধান কাটার মৌসুমে অনেক কৃষক ধানগাছ বা পাতার আঘাতে চোখে গুরুতর সমস্যায় আক্রান্ত হন এবং কর্নিয়ায় ক্ষত বা আলসারের মতো জটিলতা নিয়ে হাসপাতালে আসেন। এ ধরনের ঝুঁকি এড়াতে কাজের সময় চোখের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ। সভা শেষে দৃষ্টিশক্তি সুরক্ষা ও পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ও ভিশনস্প্রিংয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।