উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেয়াদ শেষ হওয়ার আগেই ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনে নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাইব্যাক নিলামের মাধ্যমে এসব বন্ড কেনা হয়। সরকারি ঋণের মেয়াদ কাঠামো ভারসাম্যপূর্ণ করা এবং বাজারে থাকা বন্ডের সংখ্যা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডকে কেন্দ্র করে এ বাইব্যাক নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ৫৬টি বিডের মাধ্যমে ২ হাজার ১৬ কোটি ১৪ লাখ টাকার বন্ড বিক্রির প্রস্তাব আসে।
এর মধ্যে নিলাম কমিটির নির্ধারিত দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার বিড গ্রহণ করা হয়েছে। অর্থাৎ ওই পরিমাণ বন্ড সরকার মেয়াদপূর্তির আগেই বিনিয়োগকারীদের কাছ থেকে কিনে নিয়েছে।
আগে ইস্যু করা সরকারি বন্ড মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগকারীদের কাছ থেকে ফেরত কেনার প্রক্রিয়াকে ‘বাইব্যাক’ বলা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে এ ধরনের বাইব্যাক নিলাম এবারই প্রথম অনুষ্ঠিত হলো।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ উদ্যোগের মাধ্যমে সরকারের ঋণ ব্যবস্থাপনায় নতুন একটি বাজারভিত্তিক পদ্ধতি যুক্ত হয়েছে। একই সঙ্গে সরকারি ঋণের মেয়াদ কাঠামো আরও সুষম করার সুযোগ তৈরি হবে।
বাইব্যাকের ফলে ভবিষ্যতে সরকারের অর্থায়ন ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়ার পাশাপাশি ঋণের খরচ ও সংশ্লিষ্ট ঝুঁকি আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারের সামগ্রিক ঋণ কাঠামো বিবেচনায় নিয়ে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আবারও বাইব্যাক নিলামের আয়োজন করা হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সাধারণত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষ হলে সরকার তা পরিশোধ করে। তবে এবারের বন্ডগুলো মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস আগেই কিনে নেওয়া হয়েছে। ফলে ওই সময়ের জন্য সরকারকে আর সুদ পরিশোধ করতে হবে না।