উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ জেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দঘন অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ করেন। এ সময় তিনি ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো এবং সত্য কথা বলার ওপর গুরুত্বারোপ করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে এই ফাউন্ডেশন বৃত্তিদানের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসচ্ছল ভক্তদের মাঝে এককালীন মূলধন প্রদানসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।