উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয়ে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিও উপস্থিত ছিলেন।
শফিকুর রহমানের প্রতিনিধিদলে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ও শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক ডা. এস এম খালিদুজ্জামান।
বৈঠকে বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতান্ত্রিক প্রক্রিয়া, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন যাত্রাকে স্বাগত জানান বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শফিকুর রহমান বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তুর্কি স্পিকারকে অবহিত করেন।
এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট এবং এই মানবিক পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্ক সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।
বৈঠকে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠিও নুমান কুরতুলমুশের কাছে হস্তান্তর করেন শফিকুর রহমান।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
এ ছাড়া অর্থনীতি, সংসদীয় কার্যক্রম, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়। বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।