উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী বিজিবি টহলদল পৃথকভাবে অভিযানে অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার মনিয়ন্দ, কসবা, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার সালদানদী, শশীদল ও খারেরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, বাজি, কুইচ্ছা মাছ, গরু, গাঁজা, মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।