উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি বাগানের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাইও ছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হন রোহান। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
পরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি বাগানের পাশের ডোবায় বস্তাবন্দি অবস্থায় রোহানের মরদেহ দেখতে পাওয়া যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ডোবা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে রোহানের মৃত্যু হয়েছে এবং তাকে কারা সেখানে ফেলে গেছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।