উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ভোরে গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নানা পাটেকারের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তাঁর। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও কাজ করেছেন নানা পাটেকার। ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’সহ একাধিক চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।
শক্তিশালী অভিনয় এবং সংলাপ উপস্থাপনের স্বতন্ত্র ভঙ্গির কারণে ভারতীয় চলচ্চিত্রে আলাদা পরিচিতি পান তিনি। অভিনয়জীবনে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে সম্মানিত হয়েছেন।
২০২৬ সালেও ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’সহ চলচ্চিত্রে অভিনয় করেছেন নানা পাটেকার। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি সিনেমায় তাঁর উল্লেখযোগ্য অবদান তাঁকে দুই ভাষার চলচ্চিত্র দর্শকের কাছে পরিচিত করে তোলে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।