উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে আধুনিক খামার ব্যবস্থার মাধ্যমে হাঁস-মুরগির উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য হাঁস প্রজনন খামারের সক্ষমতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট খাতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানো গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি খামারভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতাও শক্তিশালী হবে।
তরুণদের কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, তরুণ জনগোষ্ঠীকে এই খাতে সম্পৃক্ত করা গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব হবে।
তরুণ উদ্যোক্তাদের খামার স্থাপনে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কসংলগ্ন ঝিলপুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। বিকেলে তিনি রূপসা উপজেলার জাবুসা এলাকায় টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি পরিদর্শন করেন।