উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নির্মাণসামগ্রী, আধুনিক প্রযুক্তি, ইন্টেরিয়র উপকরণ ও উদ্ভাবনী পণ্য প্রদর্শনের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘আইএবি বিল্ড এক্সপো ২০২৬’। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) আয়োজনে এবারের প্রদর্শনীটি বসেছে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি)। পঞ্চমবারের এই আয়োজনে ৬৮টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এক্সপোর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ৮ অক্টোবর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১১ অক্টোবর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য শুধু ভবনের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়; বরং নিরাপদ, টেকসই ও মানসম্মত ভবন নির্মাণের দিকে গুরুত্ব দিতে হবে। নির্মাণ খাতে এমন প্রযুক্তি ও উপকরণ ব্যবহারের প্রয়োজন রয়েছে, যা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের গুণগত মানও নিশ্চিত করতে পারে।
তিনি আরও বলেন, স্থাপত্য পরিকল্পনার ক্ষেত্রে ভবনের সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তা, জ্বালানি সাশ্রয়, পরিবেশের ওপর প্রভাব, দীর্ঘমেয়াদি ব্যয় এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিরাপদ আবাসন নিশ্চিত করাও নির্মাণ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ।
আয়োজকদের মতে, নির্মাণ ও স্থাপত্য খাতের পেশাজীবীদের সঙ্গে প্রযুক্তি ও নির্মাণসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ তৈরিই এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য। এতে স্থপতি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার ও সরকারি নীতিনির্ধারকদের পাশাপাশি নির্মাণসংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী অংশ নিচ্ছেন।
বিসিএফসিসির মিল্কিওয়ে, কার্নিভাল ও হারমনি হলে বিভিন্ন বিভাগে সাজানো হয়েছে এক্সপোর স্টলগুলো। এখানে নির্মাণসামগ্রী, ইন্টেরিয়র ও ডেকোরেটিভ উপকরণ, নির্মাণ ব্যবস্থাপনা ও যন্ত্রপাতি, স্থাপত্যসংশ্লিষ্ট পণ্য, ফার্নিচার এবং বিভিন্ন নতুন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। নির্মাণসামগ্রীর উৎপাদক, আমদানিকারক, পরিবেশক ও বিক্রেতাদের পাশাপাশি বিভিন্ন সেবা ও প্রযুক্তি প্রতিষ্ঠানও এতে অংশ নিয়েছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য স্টলের ধরন অনুযায়ী আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। ১০০ বর্গফুটের সিলভার স্টলের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে সবচেয়ে বড় প্লাটিনাম প্লাস লাউঞ্জ স্টলের মূল্য ৩৫ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের সনদ, এক্সপো ডিরেক্টরিতে কোম্পানির পরিচিতি, মাস্টার ব্যানারে লোগো প্রদর্শন এবং বিদ্যুৎ ও জেনারেটর ব্যাকআপসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।
এবারের আইএবি বিল্ড এক্সপো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আর্ক সামিট ২০২৬’-এর সঙ্গে যৌথভাবে। ফলে পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি স্থাপত্য, নির্মাণ প্রযুক্তি, নগর উন্নয়ন এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার, প্যানেল আলোচনা ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন রয়েছে।
৯ অক্টোবর ‘রিথিংকিং আর্কিটেকচারাল এডুকেশন ফর ফিউচার প্র্যাকটিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ভবিষ্যতের স্থাপত্যশিক্ষা, পেশাগত চর্চা ও পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে আলোচনা হবে।
প্রদর্শনীতে লাউঞ্জ, প্লাটিনাম, গোল্ড ও সিলভার—এই চার শ্রেণির স্টলের মধ্য থেকে সেরা প্রদর্শক নির্বাচন করে ‘বেস্ট এক্সিবিটর অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। স্টলের নকশা, উপস্থাপনা, সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক মূল্যায়ন করে বিজয়ী নির্বাচন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনীতে প্রায় ১৫ হাজার নির্দিষ্ট শ্রেণির দর্শনার্থী অংশ নেবেন। তাদের মধ্যে স্থপতি, স্থাপত্যের শিক্ষার্থী, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ইন্টেরিয়র ডিজাইনার, সরকারি কর্মকর্তা, ডেভেলপার এবং নির্মাণ খাতের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা রয়েছেন।
এবারের আয়োজনে প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিয়েছে সুইস্। প্রতিষ্ঠানটি মিল্কিওয়ে-১০৭ নম্বর প্লাটিনাম প্যাভিলিয়নে বাথওয়্যার, কিচেনওয়্যার ও টাইলসওয়্যারসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।
আইএবি জানিয়েছে, ২০১৯ সালে যাত্রা শুরুর পর এ পর্যন্ত চারটি বিল্ড এক্সপো অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকতার অংশ হিসেবে এবার পঞ্চম আসরে নির্মাণ ও স্থাপত্য খাতের নতুন প্রযুক্তি, উপকরণ ও উদ্ভাবনকে সামনে আনা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজন নির্মাণ খাতের বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই নির্মাণ প্রযুক্তি সম্পর্কে পেশাজীবীদের ধারণা আরও বিস্তৃত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ এবং সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।