উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের মনুড়িয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে এই চারা রোপণ করা হয়। এ সময় সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
১৪ নং ঘোড়শাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সুবিদুর রহমানের নিজস্ব অর্থায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সদস্য মো. রাশেদুল ইসলাম, মনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পথচারী ও বাসিন্দারা ছায়া উপভোগ করতে পারবেন।
আয়োজকরা জানান, শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে, যাতে গাছগুলো বড় হয়ে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিবেশের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।