উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী। একই সময়ে প্রবাসীদের পাঠানো ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মী পাঠানো, প্রবাসীদের কল্যাণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিদেশফেরত ও বিদেশগামী কর্মীদের বিমানবন্দরে যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়েও বৈঠকে তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়। দেশে বর্তমানে রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ অন্যান্য সদস্য অংশ নেন। বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর বিষয়গুলোও এ আলোচনায় গুরুত্ব পায়।