উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বদলি ও সংযুক্তির আদেশের পর নতুন কর্মস্থলে যোগদান করা শিক্ষকদের তথ্য দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইপিইএমআইএস) অন্তর্ভুক্ত করতে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুনের স্মারকের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিক্ষকদের বদলি ও পদায়ন কার্যক্রম চলছে। এরই মধ্যে বিভিন্ন পর্যায় থেকে একাধিক বদলি ও সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
তবে আদেশ অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদান করার পরও অনেক শিক্ষকের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ করা হয়নি। ফলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দিচ্ছে। এ পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য দ্রুত সিস্টেমে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে অধিদপ্তর।
নির্দেশনা অনুযায়ী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকেরা নিজ নিজ আইডি ব্যবহার করে আইপিইএমআইএসে প্রবেশ করতে পারবেন। এরপর তাঁদের অধিক্ষেত্রের আওতাধীন শিক্ষকদের বদলি ও সংযুক্তিসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে।
এ ছাড়া বদলি বা সংযুক্তির আদেশ বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংযুক্তিতে উল্লেখ করা ধাপ অনুসরণ করে অনতিবিলম্বে তথ্য হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের কর্মস্থলসংক্রান্ত তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং প্রশাসনিক জটিলতা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।