উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উইন্ডোজে ফাইল, অ্যাপ ও প্রয়োজনীয় সেটিংস খোঁজার অভিজ্ঞতা আরও দ্রুত ও সহজ করতে নতুন সার্চ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। নতুন এই ব্যবস্থায় শুধু তথ্য খোঁজাই নয়, স্বাভাবিক ভাষায় নির্দেশ লিখে কম্পিউটারের বিভিন্ন সেটিংস পরিবর্তন, উইন্ডো পরিচালনা এবং ফোনে বার্তা পাঠানোর মতো কাজও করা যাবে।
গত ৭ অক্টোবর মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড সারফেস ইভেন্টে নতুন সার্চ ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, উইন্ডোজের সার্চ বক্সকে এমন একটি কার্যকর ব্যবস্থায় রূপ দেওয়া, যেখান থেকে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়ার পাশাপাশি সরাসরি বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন।
মাইক্রোসফট জানিয়েছে, নতুন সার্চ ব্যবস্থা উইনইউআই ৩ প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে। এর ফলে সার্চের গতি বাড়বে এবং মেমোরি ও কম্পিউটিং রিসোর্সের ব্যবহার কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। সার্চ ফলাফল প্রদর্শনের নকশাতেও পরিবর্তন আনা হচ্ছে। আগের মতো আলাদা প্রিভিউ প্যানেলের পরিবর্তে ফলাফলগুলো একক তালিকায় দেখানো হবে, যাতে প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়।
ফাইল অনুসন্ধানের ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত হচ্ছে। কোনো শব্দের বানানে ভুল থাকলেও কিংবা একই অর্থের অন্য শব্দ ব্যবহার করলেও প্রয়োজনীয় ফলাফল খুঁজে পাওয়ার সক্ষমতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে সার্চ ফলাফলের মধ্যেই ফাইলের প্রিভিউ ও বিস্তারিত তথ্য দেখানোর পরিকল্পনা রয়েছে। এতে একই ধরনের একাধিক ফাইলের মধ্যে সঠিকটি শনাক্ত করতে সুবিধা হবে।
নতুন ব্যবস্থার উল্লেখযোগ্য দিক হলো, সার্চ বক্স থেকেই কম্পিউটারের বিভিন্ন কাজ করার সুযোগ। ব্যবহারকারী ‘ডার্ক মোড চালু করো’, ‘ব্লুটুথ চালু করো’ কিংবা ‘স্ক্রিনের উজ্জ্বলতা কমাও’—এ ধরনের নির্দেশ লিখলে সংশ্লিষ্ট সেটিংস পরিবর্তন করা যাবে। একইভাবে একাধিক উইন্ডো ছোট করা বা পর্দায় উইন্ডোগুলো সাজানোর মতো কাজও নির্দেশের মাধ্যমে করা সম্ভব হবে।
উইন্ডোজের সঙ্গে ফোন সংযুক্ত থাকলে সার্চ থেকেই দ্রুত বার্তা পাঠানোর সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কপাইলটের সঙ্গে সার্চের সংযোগ তৈরি করা হচ্ছে। এতে সার্চ বক্স থেকেই কপাইলটকে প্রশ্ন করা যাবে এবং প্রয়োজনে সেখান থেকে পূর্ণাঙ্গ কপাইলট অ্যাপে গিয়ে কথোপকথন চালিয়ে নেওয়া যাবে। এই সুবিধা ঐচ্ছিক থাকবে।
মাইক্রোসফটের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে নির্বাচিত কিছু বাজারে কপাইলট-সংযুক্ত সুবিধাটি চালু করা হতে পারে। নতুন সার্চ ব্যবস্থার প্রাথমিক সংস্করণ ৭ অক্টোবর থেকে উইন্ডোজ ইনসাইডারদের এক্সপেরিমেন্টাল চ্যানেলে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এতে ইংরেজি ভাষা সমর্থন করা হচ্ছে।
পরীক্ষার ফলাফল ও ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সার্চ ব্যবস্থার স্থিতিশীলতা, ফলাফলের মান এবং কাজের পরিধি উন্নত করার পর ধাপে ধাপে এটি আরও ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। আগামী বছর উইন্ডোজের স্টার্ট মেনুতেও নতুন সার্চ ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে উইন্ডোজের সার্চ বক্স কেবল ফাইল বা অ্যাপ খোঁজার মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না; বরং কম্পিউটারের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার একটি সমন্বিত কমান্ড ব্যবস্থায় পরিণত হতে পারে। তবে নতুন সব সুবিধা কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, তা এখনো নিশ্চিত নয়।