উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণিতে মোট ১০০টি আসনে ছাত্রী ভর্তি করা হবে। আগ্রহী অভিভাবকেরা ২৪ থেকে ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
আবেদন ফরম সংগ্রহের সময় ও ফি
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম বিতরণ করা হবে। শিক্ষার্থীর মা অথবা বাবা—যেকোনো একজনকে উপস্থিত হয়ে ফরম সংগ্রহ করতে হবে। ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরতযোগ্য নয়। ফরম সংগ্রহের সময় নির্ধারিত পরিমাণ টাকা সঙ্গে রাখতে হবে; খুচরা টাকা ফেরত দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১০০টি আসনের বণ্টন
প্রথম শ্রেণিতে মোট ১০০টি আসন রাখা হয়েছে। এর মধ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ, খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ, হিন্দু শিক্ষার্থীদের জন্য ১৫ শতাংশ এবং বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ আসন নির্ধারিত। পাশাপাশি মোট আসনের ৪০ শতাংশ ক্যাচমেন্ট এলাকার জন্য বরাদ্দ থাকবে।
শিক্ষার্থীর বয়স ও প্রয়োজনীয় সনদ
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সালের মধ্যে হতে হবে। আবেদনপত্রের সঙ্গে জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি জমা দিতে হবে। খ্রিষ্টান শিক্ষার্থীদের ক্ষেত্রে বাপ্তিস্ম সনদের মূল কপিও প্রয়োজন হবে।
পূরণ করা ফরম জমার তারিখ
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, পূরণ করা আবেদন ফরম ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত সময়সূচি অনুসারে জমা দিতে হবে। ফরমের ক্রমিক নম্বর অনুযায়ী জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
৬ নভেম্বর ২০২৬ তারিখে ০০০১ থেকে ১৬০০ নম্বর পর্যন্ত ফরমের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সময়সীমা নির্ধারিত রয়েছে। ৭ নভেম্বর ১৬০১ নম্বর থেকে পরবর্তী ফরমগুলোর জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় রাখা হয়েছে। আবেদনকারীদের ফরমের নম্বর অনুযায়ী নির্ধারিত সময় মিলিয়ে নেওয়া জরুরি।
ফরমের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে
আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি ও মূল কপি জমা দিতে হবে। খ্রিষ্টান শিক্ষার্থীদের বাপ্তিস্ম সনদের মূল কপিও দিতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীর মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি একই পৃষ্ঠায় দিতে হবে। শিক্ষার্থীর জন্মের পর টিকা দেওয়ার কার্ডের রঙিন ফটোকপিও প্রয়োজন। ক্যাচমেন্ট এলাকার আওতাভুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল ও বাড়িভাড়ার চুক্তিপত্রের ফটোকপি জমা দিতে হবে।
ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীকে মা-বাবা উভয়ের সঙ্গে উপস্থিত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লটারির মাধ্যমে নির্বাচন
ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। বিদ্যালয়ের ওয়েবসাইটে লটারির ফলাফল প্রকাশের তারিখ জানানো হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা জানতে অভিভাবকেরা বিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
ভর্তিপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে আবেদন ফরম সংগ্রহ, প্রয়োজনীয় কাগজপত্র এবং জমা দেওয়ার সময়সূচি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও প্রচলিত নিয়ম অনুসারেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।