উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ায় স্থানীয় ও বিদেশি শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ২০২৭ সালের জুন থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪০ লাখের বেশি শ্রমিক উপকৃত হতে পারেন।
শুক্রবার (৯ অক্টোবর) দেশটির পার্লামেন্টে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য এজ মালয়েশিয়া এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ায় প্রচলিত ন্যূনতম মজুরি আইন স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে নতুন হার কার্যকর হলে শর্তসাপেক্ষে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ন্যূনতম মজুরির আওতাভুক্ত শ্রমিকেরা বাড়তি বেতন পাওয়ার সুযোগ পাবেন।
ধাপে ধাপে বেড়েছে ন্যূনতম মজুরি
মালয়েশিয়ায় ২০১৩ সালে ন্যূনতম মজুরি নীতি চালু হয়। সে সময় মাসিক ন্যূনতম মজুরি ছিল ৯০০ রিঙ্গিত। পরবর্তী সময়ে কয়েক ধাপে তা বাড়ানো হয়েছে।
২০১৬ সালে মজুরি ১ হাজার রিঙ্গিত, ২০১৯ সালে ১ হাজার ১০০ রিঙ্গিত, ২০২০ সালে ১ হাজার ২০০ রিঙ্গিত, ২০২২ সালে ১ হাজার ৫০০ রিঙ্গিত এবং ২০২৫ সালে ১ হাজার ৭০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে ন্যূনতম মজুরি নীতি চালুর সময়ের তুলনায় বর্তমান হার দ্বিগুণেরও বেশি হবে।
ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য থাকছে ছাড়
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বার্ষিক লেনদেন ৫ কোটি রিঙ্গিতের কম—এমন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো নতুন ন্যূনতম মজুরির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নতুন নিয়মের সঙ্গে নিজেদের কার্যক্রম মানিয়ে নেওয়ার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আনোয়ার ইব্রাহিমের মতে, শ্রমিকদের উৎপাদনশীলতা ও মজুরির মধ্যে ব্যবধান কমানো জরুরি। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বাড়লেও সে অনুযায়ী অনেকের আয় বাড়েনি।
দক্ষ কর্মীদের বেতন বাড়ানোর পরিকল্পনা
ন্যূনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি আধা-দক্ষ শ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য মাসিক ন্যূনতম বেতন ২ হাজার ৫০০ রিঙ্গিত নির্ধারণের পরিকল্পনাও করছে মালয়েশিয়া সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, ন্যূনতম মজুরি আয়ের একটি ভিত্তি নির্ধারণ করলেও দক্ষ কর্মীদের বেতন এখনো অনেক ক্ষেত্রে তাঁদের যোগ্যতা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর হচ্ছে করবিধি
অনিবন্ধিত বিদেশি শ্রমিক নিয়োগ নিরুৎসাহিত করতে করসংক্রান্ত নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের। প্রস্তাব অনুযায়ী, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোম্পানিগুলোকে শ্রমিকদের বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হবে। কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতিতে বেতন দেওয়া হলেই বেতন বাবদ ব্যয়ের ওপর করছাড় পাওয়ার সুযোগ থাকবে।
নতুন মজুরি কার্যকর হলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে এ সুবিধা কার্যকর হচ্ছে না। পাশাপাশি ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত অব্যাহতি থাকায় সব শ্রমিক একই সময়ে বর্ধিত মজুরির আওতায় আসবেন না।