উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ৯ দিনেই এডিস মশাবাহিত এ রোগে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৬ সালে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এসব বিষয় জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিটি শূন্য থেকে পাঁচ বছর বয়সী একটি ছেলে শিশু। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ।
সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু
বছরের শুরুতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম থাকলেও পরবর্তী সময়ে পরিস্থিতির অবনতি হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।
এরপর জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে ৪৩ জনের প্রাণহানি ঘটে। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। ওই মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়। আর অক্টোবরের প্রথম ৯ দিনেই প্রাণ হারিয়েছেন আরও ৫০ জন। গত ৬ অক্টোবর এক দিনেই ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।
ঢাকা দক্ষিণে মৃত্যুর সংখ্যা বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগ ও এলাকাভিত্তিক পরিসংখ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যুর তথ্য রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৩৫ জন। সিটি করপোরেশনের বাইরের এলাকায় মৃত্যুর সংখ্যা ১৭।
এ ছাড়া খুলনায় ৬০ জন, চট্টগ্রামে ২৫, বরিশালে ২৫, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ৬ এবং সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে।
এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০০ রোগী
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, অক্টোবরের প্রথম ৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৩১ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৩৮ জন। তবে অক্টোবরের শুরুতেই মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির উচ্চ সংখ্যা দেশে ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।