উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), কনস্টেবল মো. জুম্মান (৩০) এবং গাড়িচালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)।
আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) এবং পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাঁদের দুজনের বাড়িই বিজয়নগর উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মনিপুর এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।