উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশে চাকরি, ওয়ার্কিং ভিসা এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাতজনকে সাত দিন থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
দুপুরে রাজধানীর টেকনিক্যাল মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি জানান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের ভিত্তিতে চক্রটির কার্যক্রম নিয়ে তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।
এসআরবি-৪-এর তথ্য অনুযায়ী, বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিদের কম খরচে কর্মী ভিসা পাইয়ে দেওয়া এবং লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিত চক্রটি। এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে পরিস্থিতিভেদে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। পরে বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে নেওয়া অর্থ আত্মসাৎ করা হতো।
সংস্থাটি জানায়, সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মী নিয়োগের সুযোগ সম্পর্কে অনেক প্রার্থীর পর্যাপ্ত ধারণা না থাকায় তাঁদের লক্ষ্য করত দালাল চক্রটি। বিশেষ করে পরীক্ষায় অংশ নিতে আসা বিদেশগামী প্রার্থীদের কাছে বিভিন্ন প্রলোভন তুলে ধরে অর্থ আদায়ের চেষ্টা করা হতো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মী নিয়োগ করে। এ প্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে কোনো নিয়োগ ফি নেওয়া হয় না বলে জানিয়েছে সংস্থাটি। প্রয়োজনীয় পাসপোর্ট থাকা সাপেক্ষে পরীক্ষায় অংশ নিয়ে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার কথা জানানো হয়।
প্রতি শুক্র ও শনিবার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) ভেন্যুতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীদের কেন্দ্র করেই দালাল চক্রটি সক্রিয় ছিল বলে জানিয়েছে এসআরবি-৪।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, বিকেটিটিসি একটি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন মেয়াদের ২৪টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণের সনদ বিদেশে চাকরির ক্ষেত্রে সহায়ক হতে পারে, তবে প্রতিষ্ঠানটি সরাসরি কর্মী পাঠায় না বা চাকরির ব্যবস্থা করে না।
তাই কারিগরি প্রশিক্ষণ গ্রহণ এবং বিদেশে চাকরি পাওয়াকে এক বিষয় হিসেবে বিবেচনা না করার জন্য প্রার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।