উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সমালোচনার জবাব দিয়েছেন কোচ জোসে মরিনিও। চোটের চিকিৎসার সময় প্যারিসে যাওয়া ও সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ছবি প্রকাশের পর তাঁকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পর্তুগিজ এই কোচ।
শুক্রবার (৯ অক্টোবর) ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পের সমালোচনা প্রসঙ্গে কথা বলেন মরিনিও। তাঁর মতে, ফুটবলের বাইরের বিষয় নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।
গত ২৬ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান ২৭ বছর বয়সী এমবাপ্পে। এরপর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ফ্রান্স ও সুইজারল্যান্ডে যান তিনি। এ সময় প্যারিসের একটি আয়োজনের প্রবেশমুখে তাঁর ছবি প্রকাশিত হয়। সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব ছবি ঘিরে সমর্থকদের একাংশের মধ্যে সমালোচনা শুরু হয়।
এমবাপ্পের সাইকেল চালানোর ছবি প্রকাশের পর কেউ কেউ মরিনিওর আগের একটি বক্তব্যের সঙ্গে বিষয়টি মিলিয়ে দেখেন। এর আগে এই কোচ বলেছিলেন, চোটের ঝুঁকি এড়াতে খেলোয়াড়দের স্কিইং কিংবা সাইকেল চালানো থেকে বিরত থাকা উচিত। ফলে এমবাপ্পে কোচের পরামর্শ উপেক্ষা করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে সংবাদ সম্মেলনে এসব সমালোচনা নাকচ করে দেন মরিনিও। তিনি বলেন, সমালোচনাগুলো বাড়াবাড়ি কি না—এ প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, “অবশ্যই। এগুলো হাস্যকর।”
এমবাপ্পের চোটের চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিয়ে রিয়াল কোচ জানান, যেসব খেলোয়াড়কে নিয়মিত উপস্থিত থেকে পুনর্বাসনে অংশ নিতে বলা হয়েছিল, তাঁরা সবাই ক্লাবে ছিলেন। এমবাপ্পেও চোটের ধরন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা করিয়েছেন।
মরিনিও বলেন, হাঁটুর সমস্যার আগের ইতিহাস থাকায় এমবাপ্পে ফ্রান্সে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এমবাপ্পের প্যারিসে যাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন মরিনিও। তাঁর দাবি, ছবিতে যে জায়গাটিকে নৈশক্লাব হিসেবে তুলে ধরা হয়েছে, সেটি আসলে ফ্যাশন উইক উপলক্ষে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল।
সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ছবি নিয়েও ব্যাখ্যা দেন রিয়াল কোচ। তাঁর ভাষ্য অনুযায়ী, এমবাপ্পে একটি হোটেলে সাইকেল ব্যবহার করেছিলেন। হোটেলটির বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য অতিথিদের সাইকেল ব্যবহারের সুযোগ রয়েছে। বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি কোনো সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন—এমন মন্তব্যও করেন মরিনিও।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে এমবাপ্পেকে সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে কি না, এমন প্রশ্নও উঠেছে। তবে এ বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন নন মরিনিও। তাঁর বিশ্বাস, এমবাপ্পে রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
এমবাপ্পেকে ঘিরে সমর্থকদের অসন্তোষ অবশ্য নতুন নয়। গত মাসেও ক্লাবটির কট্টরপন্থী সমর্থকগোষ্ঠী আলত্রাস সুর তাঁর বিষয়ে আপত্তি জানিয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ডানপন্থী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই গোষ্ঠীকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিষিদ্ধ করা হয়েছে।