উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে—এমন বক্তব্যের পক্ষে প্রমাণ চেয়েছে দলটি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের এই মন্তব্যকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে জামায়াত বলেছে, অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারলে তাঁকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, প্রশাসক সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছে জামায়াত।
দলটির অভিযোগ, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর বিষয় নিয়ে মন্তব্য করার আগে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য থাকা জরুরি। গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই এমন বক্তব্য দেওয়া দায়িত্বশীল আচরণ নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে ডিএনসিসির ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অটোরিকশা নিয়ে আন্দোলনের প্রসঙ্গ তোলেন প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, অটোরিকশা আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দেখা গেছে। একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক অটোরিকশাচালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। পরে অনুসন্ধানে ওই নেতার ৭০০টি অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি। তবে বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি প্রশাসক।
শফিকুল ইসলামের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণ একজন সিটি করপোরেশন প্রশাসকের কাছ থেকে দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো নেতার বিরুদ্ধে এমন অভিযোগ তোলার ক্ষেত্রে প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করা প্রয়োজন।
বিবৃতিতে অটোরিকশা চলাচল, যানজট, সড়কে শৃঙ্খলা এবং চালকদের জীবিকার বিষয়গুলো জনস্বার্থের ভিত্তিতে বিবেচনার আহ্বান জানানো হয়। জামায়াতের বক্তব্য, এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের অবস্থানের সঙ্গে দ্বিমত থাকলে তথ্য, যুক্তি ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া উচিত; প্রমাণহীন অভিযোগ তুলে নয়।
ডিএনসিসি প্রশাসককে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি। তা করতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছে জামায়াত।
এর আগে গত ৫ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চ উপলক্ষে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অটোরিকশাচালকদের দাবি নিয়ে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, চালকদের দাবিগুলো সরকারের মেনে নেওয়া উচিত। একই সঙ্গে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বা কেউ উসকানি দেওয়ার সুযোগ পায়—এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।