উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেট কারে হামলা চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় প্রতিষ্ঠানটির এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়ির চালককে মারধর ও আরেক কর্মকর্তাকে চাপাতি দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধ হিসাব ব্যবস্থাপকের নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানে কর্মরত। আহত অপর কর্মকর্তা মো. ফাহাদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠানটির কর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০টি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি তাঁদের গাড়ির পথ আটকে দেয়। এরপর চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি চালায় হামলাকারীরা। একপর্যায়ে গাড়িতে থাকা টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। ছিনতাই হওয়া বস্তা দুটিতে তিন কোটি টাকার বেশি ছিল বলে দাবি করা হয়েছে।
ঘটনার সময় গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত। তিনি জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে নগদ টাকা সংগ্রহের জন্য তাঁরা নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিসে যান। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা দেন।
রিফাতের দাবি, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তাঁদের পথ আটকে দেয়। পরে হামলাকারীরা গাড়ির কাচ ভেঙে হিমেলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর পেটে গুলি লাগে। এ সময় গাড়িচালককে মারধর করা হয় এবং ফাহাদকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। পুরো ঘটনাটি এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলে দাবি করেছেন তিনি।
আহত হওয়ার পর চালক গাড়ি চালাতে না পারায় ফাহাদ গাড়িটি চালিয়ে হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গুলি চালিয়ে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।