উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষার মৌসুমি বায়ু। আবহাওয়ার এই পরিবর্তনে দিনের বেলায় গরম ও রাতে তুলনামূলক ঠান্ডা অনুভূত হতে পারে। দিন-রাতের তাপমাত্রার তারতম্যের কারণে জ্বর, সর্দি ও কাশির মতো অসুস্থতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১০ অক্টোবর) সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজশাহী ও রংপুর অঞ্চল দিয়ে মৌসুমি বায়ুর বিদায়প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ১১ অক্টোবর থেকে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এর প্রভাব শেষ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিডব্লিউওটির ধারণা, ১৩ অক্টোবরের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশালসহ দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা থেকে বর্ষার বিদায়প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সর্বশেষে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল থেকে ১৩ থেকে ১৭ অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু সরে যেতে পারে।
মৌসুমি বায়ুর প্রভাব কমে এলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। তবে নতুন কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হলে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১০ অক্টোবরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে দেশ থেকে বিদায় নিয়েছে। তবে এরপরও দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে ১৩ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিডব্লিউওটির পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর বিদায়ের পর দিনের তাপমাত্রা বাড়লেও রাতের আবহাওয়া তুলনামূলক শীতল ও আরামদায়ক হতে পারে। এ সময় আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে বিশেষ করে শিশু ও বয়স্কদের অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ঋতু পরিবর্তনের এ সময়ে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ দেখা দিলে শারীরিক অবস্থার প্রতি নজর দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু ও প্রবীণদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার সামগ্রিক পরিবর্তন এবং বৃষ্টিপাতের প্রবণতা বুঝতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।