উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর প্রতিটি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, সপ্তাহে অন্তত এক দিন সবাই নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না। আজ শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতি শনিবার ক্লিনিং ডে কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, সরকারের নির্দেশনায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিন মাসের এই কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরের রাস্তাঘাট ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন থাকবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমবে।
তবে শুধু সিটি করপোরেশনের কর্মীদের দিয়ে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলে মনে করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত তাঁদের দায়িত্ব পালন করবেন এবং নাগরিকদেরও নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে এগিয়ে আসতে হবে। এ কর্মসূচিতে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমে থাকতে না দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি জানান, তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
এদিকে শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। সেখানে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করা উচিত নয়। ধর্মীয় পরিচয় যা-ই হোক, দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমান। মানুষ হিসেবে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতি মেনে চলতে হবে।