উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণ মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বড় ফেনী নদীতে মাছ শিকারের দায়ে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া। উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নদী থেকে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করে তা জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন। প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার।