উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকাবাইচ। শনিবার ৩ অক্টোবর জেলার বেউথা এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পাড়ে হাজারো মানুষ জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতি কয়েক লাখে পৌঁছায় এবং পুরো এলাকা উৎসবের মিলনমেলায় পরিণত হয়।
দুপুরে নদীর বুকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বড় ও ছোট মিলিয়ে প্রায় ৩০টি নৌকা অংশ নেয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে মাঝিদের ছন্দময় বৈঠার আঘাতে নৌকাগুলো দ্রুতগতিতে এগিয়ে যায়। বিজয়ীদের জন্য আয়োজকদের পক্ষ থেকে ৪টি মোটরসাইকেল ও ১৬টি ফ্রিজ পুরস্কার হিসেবে রাখা হয়, যা প্রতিযোগীদের মধ্যে বাড়তি উত্তেজনার সৃষ্টি করে।
নৌকাবাইচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয়রা ঐতিহ্যবাহী এই আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে কালীগঙ্গা নদীর পুরোনো সংস্কৃতি সংরক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেন।