উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো মহল যাতে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতা-কর্মীরা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল আসন্ন দুর্গাপূজা কীভাবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়। একটি মহল দেশের ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার তার দক্ষ ব্যবস্থাপনায় সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
বৈঠকে দুর্গাপূজার পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়, পাশাপাশি ব্যাংকিং খাত ও প্রবাসী আয়ের প্রবাহে গতিশীলতা ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করা হয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং যুবসমাজকে মাদকের ঝুঁকি থেকে রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উক্ত বৈঠকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, ফরহাদ হালিম ডোনার, ইসমাঈল জবিউল্লাহ, আমানউল্লাহ আমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।