উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তার দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে সম্প্রতি ইউরোপ, এশিয়া ও আমেরিকার মহাদেশীয় সংস্থাগুলোর বিরোধিতার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এতে আগামী মার্চের নির্বাচনে তাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা থাকলেও দুই প্রভাবশালী ফুটবল কর্মকর্তার সাম্প্রতিক সিদ্ধান্তে সেই পরিস্থিতি বদলে গেছে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রধান আলেকজান্ডার সেফেরিন চতুর্থ মেয়াদে নিজ সংস্থার সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তিনি ফিফা নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট করেছেন। সেফেরিন বলেন, "ফুটবল বিক্রির জন্য নয়—উয়েফা বহু বছর ধরে এই বার্তা বহন করে আসছে। ঐক্য ও সুশাসন ফিরিয়ে আনাই এখন মূল কাজ।"
সেফেরিনের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানিও ফিফা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও নিজ সংস্থায় শেষ মেয়াদের জন্য লড়াই করবেন। শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ফিফার শীর্ষ পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচন এখন সময়ের ব্যাপার।