উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দলীয় পরিচয় বা অঞ্চল বিবেচনায় নয়, সরকার দেশের ৫০৩টি উপজেলার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। মন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো একটি উপজেলার জন্য এমন সুবিধা দেওয়া উচিত হবে না, যা পাশের অন্য উপজেলার মানুষ পাবে না।
জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন মন্ত্রী। সরকারি কর্মকর্তারা কেবল চাকরিজীবী নন, বরং তাঁরা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত বলে তিনি মন্তব্য করেন। সরকারের সব কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিই জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে জানান তিনি।
জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করেছে বলে জানান আবদুল মঈন খান। সীমিত সম্পদের কারণে একবারে সবকিছু বাস্তবায়ন সম্ভব না হলেও আগামী কয়েক বছরের মধ্যে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সরকারি কর্মকর্তাদের বেতন সমন্বয়ের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রচলিত জ্বালানির উৎস সীমিত হয়ে আসায় সৌরশক্তির যথাযথ ব্যবহার ব্যয় সাশ্রয় ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যালয় ও হাটবাজারের ছাদে সৌরপ্যানেল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সৌরপ্যানেল স্থাপন ও সহায়ক সেবা ক্রয়ের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ৩৯০ কোটি টাকা ছাড় করা হয়েছে।