উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে এক উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে চাকসার দৌলত পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাকসার উত্তরপাড়া ফুটবল একাদশ। খেলায় স্থানীয় যুবসমাজের উপচে পড়া ভিড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গ্রামীণ ক্রীড়াঙ্গনের এক নতুন চিত্র তুলে ধরে। খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন মিয়া। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সার্বিক আয়োজনের প্রশংসা করেন এবং গ্রামীণ খেলাধুলার প্রসারে সামাজিক পর্যায় থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া বলেন, আজকের এই মাঠের জনসমুদ্র ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আমাদের অঞ্চলে ফুটবল খেলার জন্য একটি স্থায়ী মাঠ কতটা জরুরি হয়ে পড়েছে।
তিনি সম্প্রতি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি-র বক্তব্যের সংকেত দিয়ে বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির যে প্রতিশ্রুতি এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি আরও যোগ করেন, মাদকের মারাত্মক ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় সক্রিয় রাখতে হবে এবং তিনি সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক কালিকচ্ছ বাজার শাখার পরিচালক আফজাল হোসেন রানা এবং কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাম্মৎ মোরশেদা বেগম। খেলা শেষে অতিথিরা বিজয়ী দল চাকসার উত্তরপাড়া ও রানার্সআপ দল চাকসার দৌলত পাড়ার অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। সমগ্র টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির মোঃ আউয়াল মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ ইয়াকুব মিয়া এবং মোঃ ইউসুফ মিয়া।