উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের কুমড়াগাছা গ্রামে বাড়িঘর ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিলপাশার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করা মোঃ রহমত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হানিফ শেখ (৩৭)।
অভিযোগে হানিফ শেখ উল্লেখ করেন, প্রথমে দিলপাশার স্টেশনে তাঁকে মারধর করা হয়। পরবর্তী সময়ে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং তাঁর স্ত্রী, সন্তান, ভাই ও বৃদ্ধ মাকে মারধর করেন। হামলায় তাঁর স্ত্রীর মাথা ফেটে গেলে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চারটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
হামলার পাশাপাশি বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। রহমত আলী ছাড়াও মোঃ সুমন আলী, শাকওয়াদ, বিল্লাল, স্বপন ও সাব্বিরের নাম অভিযোগে রয়েছে। হানিফ শেখ জানান, তিনি ও তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং রহমত আলী তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
হানিফ শেখের দাবি, অতীতে রহমত আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা ছিল। তবে মামলার নথি বা পুলিশের বক্তব্য না পাওয়ায় এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, আহত স্ত্রীর চিকিৎসা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম জানান, দিলপাশার এলাকার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোঃ রহমত আলীর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি এবং অন্য অভিযুক্তদের বক্তব্যও মেলেনি।