উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা এক বিবৃতিতে তিনি বলেন, এই লড়াই শুধু আপনাদের একার নয়, ঢাকা থেকে আমরা আপনাদের পাশে আছি।
বিবৃতিতে নয়াদিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারী, সংগঠক ও সাংবাদিকদের সাম্প্রতিক আটক এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব পদক্ষেপ মৌলিক স্বাধীনতার প্রতি সরাসরি হুমকি এবং ব্যারিকেড বা সেন্সরশিপ এর কোনো সমাধান হতে পারে না।
বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরে নাহিদ বলেন, জবাবদিহিমূলক ক্ষমতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দাবিতে বন্ধু হিসেবে আমরা আপনাদের পাশে আছি। এই লড়াইকে আমরা গভীরভাবে উপলব্ধি করি, কারণ আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি।
গণতান্ত্রিক অধিকার চর্চার কারণে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে সাংবাদিকেরা যাতে ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারেন, ভারতীয় কর্তৃপক্ষের প্রতি সেই তাগিদও দিয়েছেন তিনি।
সংগ্রামগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত উল্লেখ করে বিবৃতিতে সীমান্তে হত্যাকাণ্ড ও পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়গুলোর কথাও তুলে ধরেন নাহিদ। আন্দোলনকারীদের অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ফ্যাসিবাদ ও বিভাজনের হাতে ছেড়ে দেওয়া যাবে না।