উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই লিভারপুল–সমর্থকদের বিদ্রূপের মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে অ্যানফিল্ডে সিটির বিপক্ষে ব্যানার ও স্লোগানে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাগতিক সমর্থকেরা। তবে সেই উত্তপ্ত পরিবেশে সিটি–সমর্থকদের হাতে দেখা গেল অদ্ভুত এক বস্তু, যা হলো হলুদ রঙের শত শত ফোলানো কলা।
কলার এই প্রদর্শন সিটির আর্থিক বিতর্কের জবাব দেওয়ার জন্য হঠাৎ করে তৈরি কোনো কৌশল নয় এবং এর শিকড় প্রায় ৪০ বছর আগের ম্যানচেস্টার সিটির সমর্থক-সংস্কৃতিতে। ১৯৮৭ সালে সমর্থক ফ্র্যাঙ্ক নিউটন একটি ফোলানো কলা নিয়ে হাজির হয়েছিলেন ক্লাবের তৎকালীন মাঠ মেইন রোডে। স্ট্রাইকার ইমরে ভারাদির নামের সঙ্গে কলা জুড়ে দিয়ে গ্যালারিতে গড়ে ওঠে সিটির সমর্থকদের ব্যতিক্রমী এক ঐতিহ্য।
এবারের কলা প্রদর্শনের পেছনে রয়েছে অতীতের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বর্তমান বিতর্কেরও একটি বার্তা। সিটির সমর্থকগোষ্ঠী ১৮৯৪ গ্রুপের উদ্যোগে লিভারপুলের মাঠে পুরোনো দিনের আবহ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছিল। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে সিটিকে দোষী সাব্যস্ত করার পর এই পরিস্থিতিতে অ্যানফিল্ডে লিভারপুল সমর্থকদের বিদ্রূপের জবাব নিজেদের মতো করে দিতে চেয়েছেন সিটির সমর্থকেরা।
ম্যানচেস্টার ইভনিং নিউজকে ১৮৯৪ গ্রুপের এক প্রতিনিধি বলেছেন যে তাঁরা সবাইকে মনে করিয়ে দিতে চান, তাঁরা যে লিগেই খেলি না কেন, সব সময় সিটির পাশে থাকবেন। আর্থিক অনিয়মের অভিযোগে সিটিকে ঘিরে যখন সমালোচনা বাড়ছে, তখন সমর্থকেরা বোঝাতে চেয়েছেন ক্লাবের প্রতি তাঁদের সমর্থন শুধু শিরোপা, তারকা খেলোয়াড় কিংবা বিত্তশালী মালিকানার ওপর নির্ভরশীল নয়।