উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্লেষণ মসজিদে গিয়ে যখন আমরা কোরআন শরিফের একটি মুদ্রিত অনুলিপি হাতে নিতে চাই, দেখি, আলমারির তাকগুলোতে বিভিন্ন রূপ ও আকারের কোরআন। সাধারণত যিনি যেই লিপি পড়ে অভ্যস্ত, সেই অনুলিপিই তিনি খুঁজে নেন। কিন্তু কৌতূহল হয়, এত রকমের কোরআন কেন এবং অনুলিপিগুলোর মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায়?
আমাদের সমাজে মূলত দুটি অনুলিপি সবচেয়ে বেশি দেখা যায়—একটি হলো সৌদি আরবের মদিনা থেকে প্রকাশিত মদিনা মুসহাফ এবং অন্যটি হলো বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বহুল প্রচারিত দক্ষিণ এশীয় মুসহাফ। দেখতে সামান্য আলাদা মনে হলেও দুটি অনুলিপিই মূলত হাফ্স পাঠরীতিতে মুদ্রিত এবং এদের মূল শব্দ ও খোদায়ি বাণী শতভাগ অভিন্ন ও অবিকৃত।
অনুলিপিগুলোর দিকে তাকালে প্রথম যে পার্থক্যটি চোখে পড়ে, তা হলো এদের লিপিশৈলী। সৌদি আরবের মদিনা থেকে ছাপা অনুলিপিটি লেখা হয় সুষম ও প্রচলিত নাস্খ লিপিশৈলীতে, অপরদিকে আমাদের ভারতীয় উপমহাদেশে প্রচলিত অনুলিপিটি লেখা হয় নাস্তালিক লিপিতে।