উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) শ্রেণিকক্ষে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরা এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছিলেন ওই শিক্ষক। এ ছাড়া একই বেঞ্চে ছয়জন ছাত্র বসায় তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, এসব আচরণ বৈষম্যমূলক ও অপমানজনক। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে শিক্ষকের সমর্থনে যাঁরা অবস্থান নিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, অভিযোগের বিষয়ে শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব তাঁর ফেসবুক লাইভে শিক্ষার্থীদের প্রত্যাশিত বক্তব্য না দিয়ে একপক্ষীয় ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিবৃতি দিয়েছেন বলে তাঁদের মনে হয়েছে। এ ছাড়া সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক এবং ওই শিক্ষকের সমর্থকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের দায়ী করে উপস্থাপনের অভিযোগও করেন তিনি।
শিক্ষার্থীদের ভাষ্য, বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান জানাতেই তাঁরা লাল কার্ড প্রদর্শন করেছেন। অভিযোগের সমর্থনে নেওয়া অবস্থানের বিরুদ্ধেও তাঁদের এ কর্মসূচি।
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, সোমবার তিনি বিভাগে উপস্থিত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদের বিষয়টি দেখেছেন। শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে আগে কিছু না জানালেও পরে বিভাগে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে চেয়ারম্যান জানান, বিভাগে কোনো অভিযোগ এলে তা অ্যাকাডেমিক কমিটিতে উত্থাপন করা হয়। কমিটির সিদ্ধান্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিনের মাধ্যমে উপাচার্যের কাছে চিঠি পাঠানো হয়। এ ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী উপাচার্য বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরা এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।
এর প্রতিবাদে গত রোববার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। একই ধরনের কর্মসূচিতে অন্য শিক্ষকদেরও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর পরদিন ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শনের কর্মসূচিকে ওই শিক্ষক এবং তাঁর প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের অবস্থানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেন শিক্ষার্থী মোহাম্মদ নায়েম।