উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে দুটি বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে রিনা রানী ঘোষ (৪০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে টিকাটুলি ফুট ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দোয়েল পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে।
নিহতের ছেলে প্রণয় ঘোষের ভাষ্য অনুযায়ী, দুপুরে রাস্তা পার হওয়ার সময় দোয়েল পরিবহন ও বন্ধন পরিবহনের দুটি বাসের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা চলছিল। এ সময় বন্ধন পরিবহনের বাসটিকে অতিক্রম করার চেষ্টা করলে দোয়েল পরিবহনের বাসটি রিনা রানীকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রণয় ঘোষ জানান, তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। তাঁরা দুই ভাই ও মা-বাবাসহ ওয়ারীর কে এম দাস লেন এলাকায় বসবাস করতেন। তাঁর বাবা বিশ্বজিৎ ঠাটারী বাজারে মাছ কাটার কাজ করেন। আর তাঁর মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
প্রণয় আরও জানান, তাঁর ছোট ভাই পিথু ঘোষ নবাবপুরের একটি স্কুলে পড়ে। সোমবার সকালে ছোট ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁর মা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রিনা রানী ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ দোয়েল পরিবহনের বাসটি জব্দ করে এবং এর চালককে আটক করে।