উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, অতীতের মতো লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। দলের নেতাকর্মীদের সহনশীল আচরণ এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। হান্নান শাহ স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, সাধারণ মানুষ ও ভোটারদের সামনে বিএনপির নেতাকর্মীদের সহনশীল আচরণের দৃষ্টান্ত তুলে ধরতে হবে। তাঁরা যেন অতীতের ফ্যাসিবাদী শাসনামলের মতো কোনো আচরণ না করেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সে সময় দেশের সম্পদ ও মানুষের জমিজমা লুট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করা হয়েছিল। বিএনপি সেই পথে হাঁটবে না উল্লেখ করে তিনি বলেন, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় দলকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
তৃণমূলের নেতাকর্মীদের সরকারের অংশ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, প্রত্যেককে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কে কী পেলেন বা পেলেন না, কিংবা পদ-পদবি নিয়ে ব্যস্ত না থেকে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। সার ও ঠিকাদারির মতো সুযোগ-সুবিধার পেছনে ছুটতে গিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম বিসর্জন দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তাঁর আশঙ্কা, পরাজিত শক্তি ও তাদের সমর্থকেরা নাশকতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এ কারণে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে আলোচনা করে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। দলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে এ দায়িত্ব পালনের আহ্বানও জানান রিজভী।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রয়োজনীয় ডিজেল আমদানিতে সমস্যা হচ্ছে। সামনে শীতকালীন সবজি ও রবিশস্য উৎপাদনের জন্য ডিজেল গুরুত্বপূর্ণ। এসব সংকট মোকাবিলা করে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার বলে দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, একসময় রান্নার জ্বালানি সংকট এবং কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় আ স ম হান্নান শাহের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, তিনি ছিলেন সাহসী নেতা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিত্ব। ওয়ান-ইলেভেনসহ বিভিন্ন রাজনৈতিক সংকটে তিনি দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারাবন্দি অবস্থাতেও দলের প্রতি তাঁর দায়িত্ববোধ অটুট ছিল বলে উল্লেখ করেন রিজভী।
সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।