উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একাডেমিক ফলাফলে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২ শিক্ষার্থী। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। একক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোনীত ৩২ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ১১ জন, ২০২০ শিক্ষাবর্ষের ১১ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ১০ জন রয়েছেন।
একাডেমিক ক্ষেত্রে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়াই এ পদক প্রদানের লক্ষ্য।