উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগলিয়ানি যৌথভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে ফিফার নিজস্ব তহবিল থেকে ২০০ কোটি ডলারের বেশি অর্থ সদস্য দেশগুলোর মধ্যে বিতরণের আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১ কোটি ডলার করে দেওয়া হবে। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশও এই তহবিল থেকে ১ কোটি ডলার পাবে বলে জানা গেছে।
পাশাপাশি ছয়টি মহাদেশীয় কনফেডারেশনকে ৩ কোটি ৬০ লাখ ডলার এবং আঞ্চলিক সংস্থাগুলোকে ৩০ লাখ ডলার করে দেওয়ার প্রস্তাব রয়েছে। উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী প্রস্তাবিত অর্থ বিতরণের পরও ফিফার হাতে প্রায় ২৬০ কোটি ডলারের নগদ রিজার্ভ থাকবে।
এদিকে ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই এমন পরিকল্পনা নেওয়ায় ইনফান্তিনোর সমালোচনা করেছেন কনফেডারেশন প্রধানেরা। তাদের মতে ফিফার হাতে থাকা অর্থ থেকেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বাড়তি সহায়তা দেওয়া সম্ভব এবং সে জন্য বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার প্রয়োজন নেই।