উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের ভ্যাপ লিকুইডের একটি অবৈধ চালান জব্দ করেছে কাস্টম হাউস। দুবাই থেকে আমদানিকৃত এসব নিষিদ্ধ পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে জানা গেছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফকিরহাট সংলগ্ন ডাকঘরে অভিযান চালিয়ে এই চালানটি আটক করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্র জানিয়েছে, চালানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছিল। পরবর্তীতে রেলপথে চট্টগ্রামে পৌঁছানোর পর তা ডাক বিভাগের গাড়িতে করে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। সেখানে আগে থেকেই পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাস্টমস কর্মকর্তারা চালানটি আটক করেন।
পরবর্তীতে জব্দকৃত কার্টনগুলো খুলে তল্লাশি চালিয়ে মোট ২৯টি কার্টনে ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম উদ্ধার করা হয়। এর পাশাপাশি আরও দুটি কার্টন থেকে ১ হাজার ৩৪০ পিস ই-সিগারেটের ভ্যাপ লিকুইড জব্দ করা হয়। সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানিয়েছেন, এই অবৈধ চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।