উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হয়নি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাতাসের মান সূচকে (একিউআই) ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে মঙ্গলবার এ তথ্য উঠে এসেছে। তালিকায় ২০১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুর ও তৃতীয় স্থানে থাকা ভারতের দিল্লির বায়ুমান স্কোর ১৯৪। চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ১৮৬। আর ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে সূক্ষ্ম ও স্থূল বস্তুকণা (পিএম২.৫ ও পিএম১০), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) এবং ওজোন (ও₃)—এই পাঁচ ধরনের দূষক বিবেচনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের সঙ্গে স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে থাকায় বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের সতর্ক থাকা জরুরি।