উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাকচালকসহ দক্ষ শ্রমিকদের জন্য আমিরাতে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় হওয়ার বিষয়টিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ট্যাক্সি ও ট্রাকচালক হিসেবে কাজের সুযোগ তৈরি এবং আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং কৌশলগত অবকাঠামো ও শিল্প খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
তবে বৈঠকে কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা হলেও বাংলাদেশি কর্মীদের জন্য নির্দিষ্ট কতটি পদ সৃষ্টি হবে বা কবে থেকে নিয়োগ শুরু হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।